আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ‘র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদ।
শনিবার (৯ অগাষ্ট) ঢাকার বায়তুল মোকাররমে অবস্থিত জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সিলেট-২ আসনে হাফিজ হুসাইন আহমদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। অনুষ্ঠানে দলের নির্বাচন উপকমিটির সদস্যসহ কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথীর পিতা দেশের বরেণ্য আলেম ও কিংবদন্তি রাজনীতিবিদ, জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ‘বাবায়ে জমিয়ত’ খ্যাত আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (রহ.)। শায়খে বিশ্বনাথী (রহ.) এ দেশে জমিয়ত প্রতিষ্ঠা ও বিস্তারে অসামান্য অবদান রেখেছেন, যা আজও স্মরণীয় হয়ে আছে।
কৈশর থেকেই হাফিজ হুসাইন আহমদ জমিয়তের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি যুক্তরাজ্য ও ইউরোপে জমিয়তের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউকে জমিয়তের সহসভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামি শিক্ষার প্রসার, সমাজসেবা এবং গরিব-দুঃখী মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে নিবেদিতপ্রাণভাবে কাজ করে যাচ্ছেন।






