সিলেটের বিশ্বনাথে ১৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইসলাম উদ্দিন (৪৩) নামের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি উপজেলার ইলামেরগাঁও গ্রামের হাজী শরাফত আলীর ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, একই গ্রামের মো. শফর আলী সেবুল (৪৩) ২০২৩ সালের ২৪ অক্টোবর ইসলাম উদ্দিনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা করেন। মামলাটি বিশ্বনাথ থানার মামলা নম্বর ৩৫ এবং জিআর মামলা নম্বর ১৬০/২০২৩। পরদিন ২৫ অক্টোবর মামলাটি সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়। এজাহারে বাদী অভিযোগ করেন, ইসলাম উদ্দিন তাঁর পরিচিত ও বিশ্বস্ত হওয়ায় পারিবারিক বিশেষ প্রয়োজনে তাঁর কাছ থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা নেন। পরে ওই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলাটি তদন্তের দায়িত্ব পান বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে তিনি আদালতে ইসলাম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
পুলিশের দেওয়া অভিযোগপত্র ২০২৪ সালের ১৬ অক্টোবর গ্রহণ করেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
তদন্ত কর্মকর্তা এসআই মোখলেছুর রহমান বলেন, তদন্তে এজাহারে উল্লেখ করা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
অভিযুক্ত ইসলাম উদ্দিনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।









