সুনামগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই আকস্মিক বাজার পরিদর্শনে নেমেছেন বাণিজ্য, শিল্প ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরানবাজারে সাধারণ ক্রেতার বেশে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন।
সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ শেষ করে সিলেটের জিলকার হাওরে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধনের পথে ছিলেন মন্ত্রী। পথে বিশ্বনাথের পুরানবাজারে গাড়ি থামিয়ে তিনি হঠাৎ বাজারে ঢুকে পড়েন। মন্ত্রীকে সাধারণ ক্রেতার কাতারে দাঁড়িয়ে মুদি দোকানে পেঁয়াজ, তেল, আলু, ডাল ও ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম দরদাম করতে দেখা যায়।
পর্যবেক্ষণ শেষে গ্রামীণ বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
এর আগে দুপুরে মন্ত্রী সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিলেট বিভাগের মধ্যে প্রথমবারের মতো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারি কর্মসূচির বাইরেও সরাসরি জনসম্পৃক্ত হতে মন্ত্রীর এই ঝটিকা সফর বিশেষ নজর কেড়েছে।
মন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনে বাজারে উপস্থিত সাধারণ ক্রেতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থানীয় এক ক্রেতা বলেন, ‘মন্ত্রী এভাবে সরাসরি দোকানে এসে দাম যাচাই করলে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সাহস পাবে না। প্রকৃত বাজার পরিস্থিতি বুঝতে এমন তদারকি নিয়মিত হওয়া প্রয়োজন।’






