বিশ্বনাথে প্রতিষ্ঠা হচ্ছে মেটারনিটি ক্লিনিক : সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ‘মুসলিম হেল্প ইউকে’র সহযোগিতায় সিলেটের বিশ্বনাথে প্রতিষ্ঠা করা হচ্ছে ‘মেটারনিটি ক্লিনিক’। এ উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা সদরের আল-হেরা শপিং সিটিস্থ মুসলিম হেল্প ইউকের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংস্থার চেয়ারম্যান আব্দুছ ছোবহান জানান, বিশ্বনাথে এম এইচ পাল্টিপারপাস সেন্টারের জন্য ৩০০ ডিসিমেল জায়গা ক্রয় করা সম্পন্ন হয়েছে। এই জায়গায় মেটারনিটি ক্লিনিক প্রতিষ্ঠা ছাড়াও বৃদ্ধ, পঙ্গু ও মানুষকে সেবা দান কেন্দ্র, এতিমদের থাকা-খাওয়া ও শিক্ষার ব্যবস্থা, দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা এবং কোরআন একাডেমির মাধ্যমে আধুনিক ইসলাম শিক্ষা প্রদানসহ পর্যায়ক্রমে একাধিক সেবা প্রদান করা হবে। প্রাথমিক অবস্থায় প্রসুতি মায়েদেরকে সেবা প্রদানের জন্য ‘মেটারনিটি ক্লিনিক’ নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এজন্য প্রবাসীসহ দেশের বিত্তবানদের ১ হাজার পাউন্ড অথবা ১ লাখ টাকা দিয়ে মুসলিম হেল্প ইউকের ফাউন্ডার বা লাইফ মেম্বার হওয়ার জন্য অনুরোধ জানান আব্দুছ ছোবহান।
আব্দুছ ছোবহান বলেন, বাংলাদেশের প্রতিটি বিভাগে একটি করে এম এইচ পাল্টিপারপাস সেন্টার করার পরিকল্পনা রয়েছে মুসলিম হেল্প ইউকের। এরই ধারাবাহিকতায় প্রথমে বিশ্বনাথে এই সেন্টার করার উদ‌্যোগ নেয়া হয়েছে। এখানে বিনামল্যে সেবাগুলো প্রদান করা হবে।
সংস্থার বাংলাদেশ রিজিয়নের সহ সভাপতি আব্দুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য শহিদুর রহমান, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সদস্য পাভেল সামাদ, মাসুক নাঈম, মুসলিম হেল্প ইউকের বাংলাদেশ রিজিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইউনুছ আলী, জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক বেলাল আহমদ ইমরান, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম সফিক প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪