ইসরাইলি হামলায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে গাজার অধিবাসীরা। এদিকে দ্বিতীয় দফার ৭২ ঘণ্টা যুদ্ধবিরতির দ্বিতীয় দিন মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোতে ইসরাইল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে আলোচনা চলছে। একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছার চেষ্টা করছেন তারা। আলজাজিরা
দ্বিতীয় দফা যুদ্ধবিরতি চলাকালে নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। কিছু কিছু দোকান খুলতে শুরু করেছে। রাস্তা-ঘাটে মানুষ চলাচল বেড়েছে।
এএফপি জানিয়েছে, জাতিসঙ্ঘ পরিচালিত একটি স্কুলের সামনে শরনার্থীদের বাড়ি ফিরিয়ে নেয়ার জন্য কিছু গাড়ি অপেক্ষা করতে দেখা গেছে।
৫৮ বছর বয়সী হিকমাত আত্তা বলেন, আমরা আমাদের ঘরবাড়ির অবস্থা দেখতে যাচ্ছি। রাতেই আবার এখানে ফিরে আসব।
গত ৮ জুলাই থেকে চলমান সহিংসতায় অন্তত ১ হাজার নয়শ’ পয়তাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরাইলি পক্ষে নিহত হয়েছে ৬৭ জন।









