দীর্ঘমেয়াদে ভারতে অবস্থান করতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও নিবন্ধন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকতে চাইলে বিদেশিদের আগের তুলনায় আরও আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সোমবার (১ জুন) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশোধিত ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করে। নতুন নিয়মে বলা হয়েছে, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারী বিদেশিদের ১৮০ দিনের সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।
এর আগে কোনো বিদেশি নাগরিক ভারতে প্রবেশের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ পেতেন। তবে সংশোধিত বিধিমালায় সেই সুযোগ বাতিল করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নতুন এই ব্যবস্থা বিদেশি নাগরিকদের অবস্থান আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ এবং অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে সহায়তা করবে।
নতুন নিয়মের আওতায় শুধু স্বল্পমেয়াদি ভিসাধারীরাই নন, এমন ব্যক্তিরাও পড়বেন যাদের ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা অবস্থানের অনুমোদন ১৮০ দিনের বেশি নয়। তারা কোনো একক সফরে কিংবা একটি ক্যালেন্ডার বছরে মোট ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চাইলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।
এছাড়া বিশেষ জরুরি পরিস্থিতি ছাড়া বিদেশিদের ১৮০ দিনের বেশি অবস্থানের অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছে ভারত সরকার। ফলে অতিরিক্ত সময় থাকার অনুমোদন পাওয়ার সুযোগ আগের তুলনায় আরও সীমিত হয়ে গেল।
সন্তান জন্ম সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগে ভারতে অবস্থানরত কোনো বিদেশি নাগরিকের সন্তান জন্ম নিলে ৩০ দিনের মধ্যে অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে বিষয়টি নিবন্ধন কর্মকর্তাকে জানানো বাধ্যতামূলক ছিল। নতুন বিধানে বলা হয়েছে, শিশুর বাবা বা মায়ের একজন ভারতীয় নাগরিক হলে এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখার সিদ্ধান্ত থাকলে এ ধরনের রিপোর্টিংয়ের প্রয়োজন হবে না।
তবে পরবর্তীতে ওই শিশু অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে বাবা বা মায়ের যেকোনো একজনকে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে।
একই সঙ্গে হাসপাতাল, নার্সিং হোম এবং আবাসন সুবিধাসম্পন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের জন্যও কিছু প্রশাসনিক ও তথ্য-প্রতিবেদন সংক্রান্ত বিধান হালনাগাদ করা হয়েছে। যদিও এসব প্রতিষ্ঠানের মৌলিক দায়িত্বে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, বিদেশি নাগরিকদের অবস্থান আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ভিসা ব্যবস্থাপনা সহজ করা এবং নাগরিকত্ব-সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়াকে আরও কার্যকর করতেই ভারত সরকার এই সংশোধন এনেছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে বিদেশিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা না করে আগেভাগেই প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করতে হবে, অন্যথায় আইনি জটিলতার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।









