বালাগঞ্জের কৃতিসন্তান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কবি আব্দুছ ছালাম চৌধুরীর দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা ও ১২টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। প্রকাশিত বইগুলোর মধ্যে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কবি আব্দুছ ছালাম চৌধুরীর একক ১১টি কাব্যগ্রন্থ এবং তাঁর সহধর্মিণী তাহমিনা সুলতানা চৌধুরীর প্রথম একক কাব্যগ্রন্থ ‘বৈরী নদীর বাঁকে’।
শ্যামল সিলেট সাহিত্য পরিষদের আয়োজনে আজ শনিবার (০৭ নভেম্বর) দুপুরে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে সংবর্ধিত কবি আব্দুছ ছালাম চৌধুরীসহ অনুষ্ঠানের অতিথিবৃন্দ একযোগে এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামল সিলেট সাহিত্য পরিষদের সভাপতি আবুল খায়ের চৌধুরী।
ভোরের আঙ্গিনা সাহিত্য ফোরাম ইউকের সহ-সভাপতি কবি শহীদুল ইসলাম লিটনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ফুয়াদ বিন রশীদ, কলামিস্ট ডা. লোকমান হেকিম, প্রবীণ ছড়াকার তারেশ কান্তি তালুকদার, গীতিকবি উত্তম কুমার চৌধুরী, বেতার শিল্পী পপি রশীদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, কবি মোহাম্মদ জসিম উদ্দিন, শ্যামল সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার রীমা আহমেদ, পরিষদের সদস্য কবি রোকসানা বেগম, কবি জেসমিন আরা, সাবিনা বেগম, নাজিম উদ্দিন, তানভির চৌধুরী, আব্দুস সাত্তার, সাংবাদিক শরীফ গাজী প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শ্যামল সিলেট সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক শেখ জয়নুল আলম। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কবি আব্দুছ ছালাম চৌধুরীকে শ্যামল সিলেট সাহিত্য পরিষদ ও ভোরের আঙ্গিনা সাহিত্য ফোরাম ইউকের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গীতিকবি উত্তম কুমার চৌধুরী। কবিতা পাঠ করেন কবি পপি রশীদ ও কবি জেসমিন আরা।
বালাগঞ্জের কৃতিসন্তান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কবি, গীতিকার, ছড়াকার ও গল্পকার আব্দুছ ছালাম চৌধুরী দীর্ঘদিন ধরে সাহিত্য সাধনা চালিয়ে যাচ্ছেন। ইতোপূর্বে তাঁর আরও ৬টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও ৪টি গল্পগ্রন্থ।







