বালাগঞ্জের মুসলিমাবাদ গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে আপন ভাতিজা মির্জা টিটুর হাতে চাচা মির্জা আব্দুল লতিফ আবুল মিয়ার নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। গত বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নেতৃবৃন্দ নিহতের মুসলিমাবাদস্থ বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, জয়েন্ট সেক্রেটারি হাফিজ নোমান আহমদ ফাহাদ, সিলেট মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ বোরহান উদ্দিন, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ নূরুজ্জামান, সহসভাপতি মাওলানা মোবারক হোসাইন, সেক্রেটারি মোহাম্মদ সাহেদ আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মোর্শেদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহসিনুল হক কিবরিয়া এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি ওসমানীনগর উপজেলা শাখার সদর মোহাম্মদ জুনাইদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মির্জা মো. সানির পিতা ও স্থানীয় পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া গত রোববার (২৫ অক্টোবর) নিজ বাড়িতে আপন ভাতিজা মির্জা টিটুর হামলায় নিহত হন। এ ঘটনায় বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।






