ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন রামসুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ

Facebook
Twitter
WhatsApp

দীর্ঘ প্রায় ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়’-এর প্রধান শিক্ষক আবদুল আজিজ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন এই গুণী শিক্ষক।

আবদুল আজিজ ২০১৪ সালের ২০ অক্টোবর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘ এক যুগেরও বেশি (১২ বছর ১৫ দিন) সময় তিনি এখানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ২১ বছর কর্মরত ছিলেন তিনি। সব মিলিয়ে ৩৩ বছর ৮ মাস ২১ দিনের সুদীর্ঘ ও বর্ণিল শিক্ষকতা পেশার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল তাঁর।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক। সংবর্ধিত অতিথির বক্তব্যে নিজের অনুভূতি ব্যক্ত করে আবদুল আজিজ বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর এই অকৃত্রিম ভালোবাসা আমাকে চিরঋণী করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। শিক্ষকতা জীবনে জেনে-শুনে কখনো কর্তব্যে অবহেলা করিনি। শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কখনো শাসন করেছি, আবার কখনো ভালোবাসার চাদরে আগলে রেখেছি।’

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমার অনেক শিক্ষার্থী আজ দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত—এটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন রাষ্ট্রের উচ্চ আসনে আসীন হবে, ভবিষ্যতে এমন খবর শোনার অপেক্ষায় থাকব।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হাসানুজ্জামান চৌধুরী, ফয়জুল ইসলাম ও সাবেক ক্রীড়া শিক্ষক নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সালমা আক্তার, দৌলতপুর আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাছানুজ্জামান, দেওকলস দ্বিপক্ষীয় উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুর রহিম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪