বালাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম আলিম (২০) নামে এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহত সাইফুল ইসলাম আলিম স্থানীয় রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, একই গ্রামের আনসার আলীর ছেলে রাফি আহমদ (২০) ও আব্দুল ওয়াহাবের ছেলে ওয়েছ আহমদ (১৮)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টায় বালাগঞ্জ সদর ইউনিয়নের বির্তনীয় গ্রামের পাশে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটেছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুল লতিফ তরফদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও বালাগঞ্জ থানা পুলিশের সূত্রে জানা গেছে, মোটরসাইকেলের আরোহীরা স্থানীয় সিরিয়া থেকে রিফাতপুর গ্রামের বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের আব্দুল মুনিম, ইউপি সদস্য মো. তুরন মিয়া, সমাজকর্মী মো. আজমান আলী প্রমুখ জানান, ঘটনার পরপরই এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম আলিমকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আহত দুজনকে পৃথক দুটি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম আলিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুল লতিফ তরফদার জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।






