বিশ্বনাথে ৯ গ্রামের কৃষকদের বিনা মূল্যে সার ও বীজ দিলেন প্রবাসী গোলাম রাব্বানী

Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও দৌলতপুর ইউনিয়নের ৯টি গ্রামের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবক গোলাম রাব্বানীর ব্যক্তিগত উদ্যোগে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

সম্প্রতি প্রবাসীর নিজ গ্রাম কোনাউরা নোয়াগাঁওয়ে ‘গোলাম রাব্বানী ফাউন্ডেশন বাংলাদেশ কমিটি’র ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। ফাউন্ডেশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বানীর অর্থায়নে দুই ইউনিয়নের ভুরকি, সিংরাওলী, ইসবপুর, লেনকাটা নোয়াগাঁও, মুন্সিরগাঁও, সাতপাড়া, কোনাউরা নোয়াগাঁও, সিঙ্গেরকাছ ও ছিছরাওলী—এই ৯টি গ্রামের কৃষকেরা এ সুবিধা পান।

কৃষকদের হাতে বিনা মূল্যে সার ও বীজ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন।

সৌদি আরবপ্রবাসী খলিলুর রহমানের সভাপতিত্বে এবং জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী কবির উদ্দিন, আমির উদ্দিন, জামাল আহমদ, আবুল কাশেম, সেবুল মিয়া, ছোয়াব আলী ও সেবুল আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪