বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া (৬০) স্থানীয় মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিজ উঠানে তিনি ভাতিজা মির্জা টিটুর (৩৫) হামলার শিকার হয়ে নিহত হন। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুল লতিফ তরফদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া তাঁর ভাতিজা মির্জা টিটুর কাছে পাওনা টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে।

বালাগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া ও তাঁর আপন ভাতিজা মির্জা টিটুর মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভাতিজা মির্জা টিটুর দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে চাচা মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া নিজ উঠানে গুরুতর আহত হন। ঘটনার পর তাঁকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সংবাদ পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে, আজ সোমবার (২৬ অক্টোবর) ময়নাতদন্ত শেষে বাদ মাগরিব মির্জা আব্দুল লতিফ আবুল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় বালাগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪