পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো গ্রুপিং নেই। সরকার যেসব উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ব্যক্তি পছন্দের কি অপছন্দের, সেটি মুখ্য বিষয় নয়। যিনি উন্নয়ন করবেন, তাঁকেই স্বাগত জানাতে হবে। উন্নয়নকে ঘৃণা করে আর অগ্রসর হওয়া যাবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা একটার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’-এর সৌজন্যে উপকারভোগীদের মধ্যে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির আলী এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু।
প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে উপজেলার ৭৫০ জন উপকারভোগীর মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়।





