দেশের এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী: ড. মুজিবুর রহমান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

দেশের সন্তানদের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মুজিবুর রহমান।

তিনি বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিতে দক্ষ না হলে টিকে থাকা সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম ভিশন হচ্ছে দেশের এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা।

গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের উদ্যোগে সংগঠনের সদস্য ও তাঁদের সন্তানদের মধ্যে ‘শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুজিবুর রহমান বলেন, ‘আমাদের সন্তানদের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারণ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিতে দক্ষ না হলে টিকে থাকা সম্ভব নয়।’

বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণ ও আর্তমানবতার সেবায় নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন ড. মুজিবুর রহমান। এ ধরনের উদ্যোগের অগ্রযাত্রায় শামিল হতে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৪ জন সাংবাদিক ও তাঁদের সন্তানদের মধ্যে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকার নগদ বৃত্তি ও সনদপত্র দেওয়া হয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. শানুর আলী মামুন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মো. জামাল উদ্দিন।

অনুষ্ঠানে ওয়েল ফেয়ার ফান্ডের সদ্য প্রয়াত গোল্ডেন মেম্বার ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সংগঠনের অন্যান্য গোল্ডেন, সিলভার ও জেনারেল মেম্বারদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।

বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের ট্রেজারার তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মোহাম্মদ নুরুল ইসলাম, সুজিত দেব, মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম ও মো. জাহান মিয়া।

অনুষ্ঠানে ড. মুজিবুর রহমানকে সংগঠনের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও গোল্ডেন মেম্বারশিপ সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, গত বছর বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণ ও বিশ্বনাথে আর্তমানবতার সেবার লক্ষ্যে ৫০ লাখ টাকা মূলধনের টার্গেট নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের যাত্রা শুরু হয়। মাত্র ১৩ দিনের প্রচারণায় ৫১ লাখ ২১ হাজার টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়। এর মধ্যে প্রতিশ্রুত অর্থের প্রায় এক-তৃতীয়াংশ ফান্ডের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা হয়েছে।

ফান্ডের সেই মূলধনের মুনাফার ৮০ শতাংশ অর্থ দিয়ে এবার প্রথমবারের মতো শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হলো।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪