সিলেটের বিশ্বনাথে পুকুরে বিষ প্রয়োগ করে পোনা মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামে মৎস্যচাষি মফিক মিয়ার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
মৎস্যচাষি মফিক মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। প্রায় দুই মাস আগে তিনি বাড়ির একটি পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছাড়েন। গত মঙ্গলবার থেকে পুকুরের মাছ মরতে শুরু করে। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শে পুকুরে ওষুধ প্রয়োগ করেন তিনি। তবে এরপরও মাছ মারা যেতে থাকে।
মফিক মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে পুকুরপাড়ে গিয়ে তিনি দেখতে পান, পুকুরের প্রায় সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। ওই পুকুরে রুই, মৃগেল ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করা হচ্ছিল। তাঁর দাবি, পুকুরে প্রায় চার থেকে পাঁচ মণ মাছ ছিল। রাতের আঁধারে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করায় মাছগুলো মারা গেছে বলে তিনি ধারণা করছেন।
এ ঘটনায় তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মফিক মিয়া।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





