সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে উপশহরের ডি ব্লকের ৩ নম্বর সড়কের ৩ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসার বাইরে একটি বাথরুমের ছাদে উঠে এসি চুরির চেষ্টা করছিল কিশোরটি। একপর্যায়ে সে বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন বাথরুমের ছাদের ওপর কিশোরটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।








