সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচতলা থেকে লাফ দিয়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে।
ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম জানান, আলমগীর হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে নিচে লাফ দেন আলমগীর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।







