বিশ্বনাথে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর নির্দেশ এমপি লুনার, রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে ইনডোর ফুটবল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেছেন, মাদক শুধু বিশ্বনাথের সমস্যা নয়, এটি এখন সারা দেশের একটি সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। দ্রুত মাদকের বিস্তার রোধ করা না গেলে যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বুধবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

তাহসিনা রুশদীর লুনা বলেন, কোনো ধরনের তদবিরে কান না দিয়ে বিশ্বনাথে ছোট-বড় সব ধরনের মাদক কারবারিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পুলিশ চাইলে মাদক কারবারিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে পারে। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। এ বিষয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের পক্ষে কেউ তদবির করতে এলে তাঁর বিরুদ্ধেও দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সভায় উপজেলার অবৈধ স্থাপনা নিয়েও কঠোর নির্দেশ দেন সংসদ সদস্য। তিনি বলেন, উপজেলায় কোথাও নতুন করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না। কেউ সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে তা সঙ্গে সঙ্গে উচ্ছেদ করে সরকারি ভূমি উদ্ধার করতে হবে। মাদক কারবারিদের মতো দখলদারদের সঙ্গেও কোনো আপস করা যাবে না।

ইনডোর ফুটবল খেলার মাঠগুলো রাত ১০টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অযথা কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন।

সভায় বক্তারা বিশ্বনাথের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, বেশ কিছুদিন ধরে উপজেলায় বিদ্যুৎ নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। একদিকে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছেন না, অন্যদিকে বিদ্যুৎ না থাকলেও মাস শেষে অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে। প্রতিদিন লাইনে কাজ চলমান থাকার অজুহাত গ্রাহকেরা আর মানতে চান না। দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবি জানান তাঁরা।

বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪