নেইমারের অবসরের ঘোষণায় আবেগঘন পোস্ট বাবার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ছেলেকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা দিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ সেই বার্তায় তিনি ছেলের ফুটবলজীবনের নানা স্মৃতি তুলে ধরার পাশাপাশি আবারও মাঠে ফেরার আহ্বান জানিয়েছেন।

বিশ্বকাপ শেষে জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানান নেইমার। এরপরই ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তার বাবা লেখেন, “বাবা, কী অসাধারণ এক যাত্রা! এই পথচলায় ছিল সংগ্রাম, ছিল কষ্ট, তবে ছিল ঈশ্বরের অশেষ আশীর্বাদও।”

তিনি বলেন, নেইমারের প্রথম গোল, পেশাদার ফুটবলে অভিষেক, শিরোপা জয়, ব্রাজিলের জার্সিতে সাফল্য এবং বিশ্বজুড়ে তার পরিচিতির প্রতিটি মুহূর্তের সাক্ষী তিনি। তবে একজন বাবা হিসেবে ছেলের পাশে থাকতে পারাটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

বার্তার একপর্যায়ে ছেলেকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “ফুটবল খেলা চালিয়ে যাও। আবার বল পায়ে আনন্দ খুঁজে নাও, হাসিমুখে মাঠে ফিরে এসো। ঈশ্বর তোমাকে সুস্থ করে আরেকটি সুযোগ দিয়েছেন।”

নেইমারের বাবা আরও বলেন, সমালোচনা, প্রত্যাশা কিংবা জীবনের চাপ যেন তার ছেলে নিজের কাঁধে না নেয়। একটি সিদ্ধান্ত বা একটি অপূর্ণ স্বপ্ন কখনোই পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না বলেও মন্তব্য করেন তিনি।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি ছেলেকে বর্তমানকে উপভোগ করার পরামর্শ দেন। পাশাপাশি পরিবার, সন্তান এবং নিজের ভালো থাকার প্রতি গুরুত্ব দিতে বলেন।

বার্তার শেষাংশে তিনি লেখেন, “মনে রেখো, পৃথিবী তোমাকে ভালোবাসার আগেই ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন। আর বাবা হিসেবে আমি আবারও সবকিছু করতে প্রস্তুত—প্রতিটি ত্যাগ, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি দুশ্চিন্তা ও প্রতিটি প্রার্থনার জন্য।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪