একটি সাধারণ ফুটবল। গায়ে নেই কোনো স্বাক্ষর, নেই বিশেষ কোনো চিহ্নও। তবে এই বলেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও সবচেয়ে বিখ্যাত দুটি গোল করেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। সেই বলটি এবার নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৪১ কোটি টাকার বেশি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস শনিবার বলটি বিক্রি করে। নিলাম প্রতিষ্ঠানটি আশা করেছিল, বলটির দাম ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার অর্ধেকেরও কম দামে এটি বিক্রি হয়েছে।
বলটি ১৯৮৬ বিশ্বকাপে ব্যবহৃত অ্যাডিডাসের ‘আজতেকা’ মডেলের। ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে ম্যারাডোনা এই বল দিয়েই দুটি গোল করেছিলেন।
ম্যাচটির প্রথম গোলটি ফুটবল ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। আর দ্বিতীয় গোলটি পরে ফিফার ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি আজও বিশ্বকাপের অন্যতম আলোচিত ম্যাচ হিসেবে বিবেচিত।
‘হ্যান্ড অব গড’ গোলটি নিয়ে বিতর্ক এখনো থামেনি। ম্যাচের ৫১ মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের লড়াইয়ে উঠে বাঁ হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের ঘটনাটি পরিষ্কারভাবে দেখতে না পাওয়ায় গোলটি বৈধ ঘোষণা করা হয়।
পরে ওই গোল নিয়ে ম্যারাডোনা রসিকতা করে বলেছিলেন, গোলটি হয়েছিল ‘ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাতের’ মিশেলে। সেই থেকেই গোলটির নাম হয়ে যায় ‘হ্যান্ড অব গড’।
এর মাত্র চার মিনিট পর ম্যারাডোনা করেন ম্যাচের দ্বিতীয় গোল। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দৌড় শুরু করে ইংল্যান্ডের একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত গোলরক্ষক শিলটনকে পরাস্ত করে বল জালে পাঠান। অসাধারণ সেই গোলই পরে ফিফার ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়।
ম্যাচটির দায়িত্বে থাকা রেফারি আলি বিন নাসেরের কাছেই দীর্ঘদিন সংরক্ষিত ছিল ঐতিহাসিক বলটি। ২০২২ সালে, ম্যাচের ৩৬ বছর পর প্রথমবারের মতো এটি নিলামে তোলা হয়। তখন গ্রাহাম বাড অকশনে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
এরপর ২০২৩ সালেও বলটি নিলামে তোলা হয়েছিল। তবে নির্ধারিত সংরক্ষিত মূল্য না ওঠায় সেবার এটি বিক্রি হয়নি। এবার নতুন করে নিলামে তোলা হলে শেষ পর্যন্ত ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে বিক্রি হয় ঐতিহাসিক বলটি।
তবে ম্যারাডোনার স্মৃতিবিজড়িত এই বলই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া স্মারক নয়। ২০২২ সালে সোথবিজের নিলামে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সি বিক্রি হয়েছিল ৯৩ লাখ ডলারে। তখন কোনো ম্যাচে ব্যবহৃত ক্রীড়াসামগ্রীর জন্য সেটি ছিল রেকর্ডমূল্য।









