মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে এগিয়ে এমবাপ্পে

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

হ্যাটট্রিক না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোলের ধারাবাহিকতায় চার ম্যাচ শেষে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। একই সংখ্যক গোল থাকলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় আপাতত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ফ্রান্সের অধিনায়ক।

গ্রুপ পর্ব শেষে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমে একটি গোল করে চার ম্যাচে ছয় গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

তবে নকআউট পর্বে এসে সেই সমীকরণ বদলে দেন এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে দুটি গোল করে শুধু দলকে শেষ ষোলোয় তুলেননি, মেসির গোলসংখ্যাও স্পর্শ করেছেন। এর আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি। ফলে চার ম্যাচ শেষে তাঁর গোলসংখ্যাও দাঁড়িয়েছে ছয়ে।

দুজনের গোল সমান হলেও ফিফার নিয়ম অনুযায়ী অ্যাসিস্ট বিবেচনায় এগিয়ে আছেন এমবাপ্পে। তাঁর রয়েছে দুটি অ্যাসিস্ট, আর মেসির নামের পাশে এখনো কোনো অ্যাসিস্ট নেই। সে কারণেই গোল সমান হলেও তালিকার শীর্ষস্থান এখন ফরাসি তারকার দখলে।

এই অবস্থান ধরে রাখতে পারলে এমবাপ্পে গড়বেন নতুন ইতিহাস। ২০২২ সালের বিশ্বকাপে সর্বোচ্চ আট গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। এবারও শীর্ষস্থান ধরে রাখতে পারলে টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা প্রথম ফুটবলার হবেন এই ফরোয়ার্ড।

তবে লড়াই এখনো শেষ হয়নি। মেসির সামনে রয়েছে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচ। অন্যদিকে শেষ ষোলো নিশ্চিত হওয়ায় এমবাপ্পেও অন্তত আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। ফলে টুর্নামেন্ট যত এগোবে, গোল্ডেন বুটের শীর্ষস্থানেও পরিবর্তন আসতে পারে।

গোল্ডেন বুটের দৌড়ে এখনো রয়েছেন আরও কয়েকজন। চার ম্যাচে পাঁচ গোল করে তৃতীয় স্থানে আছেন আর্লিং হলান্ড। তাঁর পরের প্রতিপক্ষ ব্রাজিল। এমবাপ্পের সতীর্থ উসমান দেম্বেলের রয়েছে চার গোল ও দুটি অ্যাসিস্ট। আর ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রের ঝুলিতে আছে চার গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট।

গোল্ডেন বুটের শীর্ষ পাঁচ দাবিদারের দলই এখনো টুর্নামেন্টে টিকে রয়েছে। তাই আসরের বাকি ম্যাচগুলোতে সর্বোচ্চ গোলদাতার লড়াই আরও জমে ওঠার অপেক্ষা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪