বিশ্বকাপ ম্যাচে যাওয়ার পথে গুলির মুখে আর্জেন্টিনা সমর্থকরা, নিহত ১

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী একটি উবারের চালকও রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে পৃথক পাঁচটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি হামলা ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে সংঘটিত হয়। এসব ঘটনায় একজনের মৃত্যু হয় এবং আরও চারজন আহত হন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে দেওয়া সাক্ষাৎকারে দুই মার্কিন সমর্থক জানান, তারা বিশ্বকাপের ম্যাচ দেখতে উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাদের উবারের পাশে এসে গুলি ছোড়ে। এতে চালকের পায়ে গুলি লাগে।

তাদের ভাষ্য, প্রথমে তারা মনে করেছিলেন গাড়ির চাকা বিস্ফোরিত হয়েছে। পরে চালককে রক্তাক্ত অবস্থায় দেখে গুলিবর্ষণের বিষয়টি বুঝতে পারেন। ঘটনার পর পুলিশ তাদের থানায় নিয়ে গিয়ে জবানবন্দি গ্রহণ করে এবং পরে টহল গাড়িতে করে স্টেডিয়ামে পৌঁছে দেয়।

কানসাস সিটি পুলিশ জানিয়েছে, আহত উবার চালকের অবস্থা স্থিতিশীল এবং তার আঘাত প্রাণঘাতী নয়।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পুলিশ জানায়, গুলিবর্ষণের ঘটনাগুলো অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত চার মাইল দূরে ঘটেছে। ওই স্টেডিয়ামেই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ অনুষ্ঠিত হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪