উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও আইডি কার্ড বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, পরিচয় ও প্রতিষ্ঠানের প্রতি আত্মমর্যাদাবোধ জাগ্রত করার লক্ষ্যে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের উদ্যোগে ইউনিফর্ম ও পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (৯ জুন) কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশীদের সভাপতিত্বে শরীরচর্চা ও ক্রিড়া বিষয়ক শিক্ষক জনাব আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য এবং কলেজ গভর্নিং বডির আজীবন দাতা সদস্য আলতাব মিয়া। বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। একটি সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চাও নিশ্চিত করতে হয়। আজকের এই ইউনিফর্ম ও আইডি কার্ড বিতরণ কার্যক্রম সেই লক্ষ্য অর্জনেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আমি সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ নিশিকান্ত পাল ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য সোহেল আহমদ।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; তাদেরকে দেশপ্রেম, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, শিক্ষকদের পরামর্শ অনুসরণ করা এবং কলেজের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশীদ বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা, সৌন্দর্য ও স্বাতন্ত্র্য বহুলাংশে নির্ভর করে শিক্ষার্থীদের আচরণ, নিয়মানুবর্তিতা এবং প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়িত্ববোধের ওপর। ইউনিফর্ম ও আইডি কার্ড শিক্ষার্থীদের মধ্যে সেই মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করে এবং শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সহায়তা করে।’

অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ছিলেন আফিয়া বেগম, খায়ের আহমদ, সালমা আখতার, সুভদ্রা রাণী তালুকদার, নাসরিন জাহান, গোলাম মোস্তাফা, ফাহিমা বেগম শাম্মী, সুমেল আহমদ, আব্দুস সালাম, আশিক আলী, ফয়েজ আহমদ, নন্দগোপাল দেব, ফখরুজ্জামান খান, রুবেল আহমদ ও জুয়েল মিয়া।

শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কলেজের বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ইউনিফর্ম ও আইডি কার্ড তুলে দেওয়া হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪