হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

হজ অফিস জানায়, সর্বশেষ সোমবার (২৭ এপ্রিল) মদিনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আব্দুল হাই (৬১) মারা যান। একই দিনে মক্কায় ইন্তেকাল করেন শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুজনই স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, মো. আব্দুল হাই বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও হজসঙ্গী সমসাদ আরা রেবা।

মো. আব্দুল হাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।

এর আগে, ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুর উপজেলার মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদর উপজেলার মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) সৌদি আরবে ইন্তেকাল করেন।

এ পর্যন্ত মৃত ৬ জনই পুরুষ। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ১ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন বলে হজ অফিস জানিয়েছে।

অন্যদিকে, হজ ফ্লাইট কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৯২টি ফ্লাইটে মোট ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ৭১২ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪