বিশ্বনাথে প্রাক্তন স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

​সিলেটের বিশ্বনাথে প্রাক্তন স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে আবুল লেইছ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

​আটক আবুল লেইছ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মৃত রহিম আলীর ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের পাশে সুরমা নদীর তীরে এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল লেইছ তার প্রাক্তন স্ত্রীকে জোরপূর্বক অপহরণ করে সেখানে নিয়ে যান এবং রাতভর ধর্ষণ করেন বলে জানা গেছে।

​ভুক্তভোগী ওই নারীর বাবার বাড়ি মির্জারগাঁও গ্রামে হলেও তিনি দীর্ঘ দিন ধরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের পাশের গুচ্ছগ্রামে বসবাস করে আসছেন।

ঘটনার পরদিন শনিবার দুপুরে নির্যাতিতা নারী নিজে বাদী হয়ে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ পেশ করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথেই থানা পুলিশের একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে লামাকাজী এলাকা থেকে অভিযুক্ত আবুল লেইছকে আটক করে থানায় নিয়ে আসে।

​বিশ্বনাথ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪