নিখোঁজের দুই দিন পর গোলাপগঞ্জ থেকে অচেতন অবস্থায় উদ্ধার বিশ্বনাথের শাহজাহান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার ছোট দিঘলী গ্রামের নিখোঁজ যুবক মো. শাহজাহান হোসেন (২৫) দুই দিন পর গোলাপগঞ্জ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে গোলাপগঞ্জ এলাকার একটি সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মো. মাহবুব আলী।

তিনি জানান, রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে গোলাপগঞ্জ এলাকার একটি সড়কের পাশে অচেতন অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পথচারীদের সহায়তায় দ্রুত তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মো. শাহজাহান হোসেন নিজ বাড়ি থেকে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুরে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ২৫ এপ্রিল বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়।

মো. শাহজাহান হোসেন বিশ্বনাথ উপজেলার ছোট দিঘলী গ্রামের কুতুব উদ্দিনের ছেলে এবং সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান জুপার মার্টের ব্যবস্থাপক।

নিখোঁজের দুই দিন পর তাকে উদ্ধার হওয়ায় পরিবার স্বস্তি প্রকাশ করেছে। একই সঙ্গে তাকে খুঁজে পেতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে স্বজনরা। তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪