সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে এবং ৮নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম আজাদের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মুজিবুর রহমান চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য দেন ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শামীমা বেগম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রোহেল উদ্দিন ও সংগঠক কামাল হোসেন। এছাড়াও বক্তব্য দেন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আরশ আলী, ইব্রাহিম আহমদ, জামাল উদ্দিন, মহিলা সদস্য মিনারা বেগম ও শরুফা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, এলাকার উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন বড় বিষয় নয়—মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।




