ইংল্যান্ডে গাড়ির ধাক্কায় বিশ্বনাথের আমির আলী নিহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাজ্যের লন্ডনের নিকটবর্তী সাউথএন্ড অন-সি এলাকায় সড়ক দুর্ঘটনায় আমির আলী (৫৮) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গত ১৬ এপ্রিল সকালে নিজ বাড়ির সামনে একটি চুরি করা গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। টানা ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ এপ্রিল তার মৃত্যু হয়। আমির আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামের মৃত তবারক আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আমির আলী তার ছেলেকে কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পার্কিং লটে গিয়ে তিনি দেখেন তার নিজের গাড়ির একটি কাঁচ ভাঙা। তিনি যখন গাড়িটি পরিষ্কার করছিলেন, ঠিক সেই সময় একটি দ্রুতগামী সাদা রঙের মার্সিডিজ গাড়ি তাকে সজোরে আঘাত করে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর আমির আলী মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রয়েল লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গত ২১ এপ্রিল চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের এক আত্মীয় গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, যে গাড়িটি আমির আলীকে ধাক্কা দিয়েছিল সেটি একটি চুরি করা গাড়ি ছিল। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক আমির আলীর এই অকাল মৃত্যুরে সাউথএন্ড এলাকার প্রবাসী সমাজ এবং সিলেটের বিশ্বনাথে তার নিজ গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪