সিলেট জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখে যেখানে মানুষ কেবল আল্লাহকে ভয় করবে এবং অন্যায়-অবিচারের সামনে মাথানত করবে না। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও চাপের মধ্যেও দলটি দীর্ঘদিন ধরে আদর্শ ও সত্যের পথে অবিচল রয়েছে এবং কোনো লোভ-লালসা বা ভয়ের কাছে আত্মসমর্পণ করেনি। এ কারণেই দেশের বিপুল সংখ্যক মানুষ জামায়াতে ইসলামীকে তাদের আস্থার জায়গায় স্থান দিয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর শহরের নতুন বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের ছাত্র-জনতার একটি বড় অংশ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে আগ্রহী ছিল। কিন্তু একটি মহল সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে দলটিকে পিছিয়ে দিয়েছে। বর্তমানে সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে যে পরিকল্পিতভাবে নির্বাচনে জামায়াতে ইসলামীকে হারিয়ে দেওয়া হয়েছে। যারা দেশপ্রেমে বিশ্বাস করে না এবং দেশের সম্পদ লুটপাটে জড়িত, তারাই এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত ছিল বলেও তিনি অভিযোগ করেন।
পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহেদুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু।
এছাড়া বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি কাওসার আহমদ নাঈম, ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মজম্মিল আলী এবং পৌর ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান রাজু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম। পরে দোয়া পরিচালনা করেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক। এতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






