সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। গত এক মাসে উপজেলার অন্তত ১৩টি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চুরি প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এছাড়া, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয় এবং উপজেলার বিভিন্ন অঞ্চলে বিরাজমান উত্তেজনা যাতে সংঘাত-সংঘর্ষে রূপ না নেয়, সে বিষয়ে থানা পুলিশসহ প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মাহবুব, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা মরিয়ম সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দিন, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, খাজাঞ্চি ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, বিশ্বনাথ রামসুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী।





