যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে নর্থ ইউকের বার্ণলি জোন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের আব্দুস সালাম জুনেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুবেল নূর।
সোমবার (২২ জুন) ইস্ট লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে বার্ণলি জোনসহ নর্থ ইউকের কয়েকটি জোনাল কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়। যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কমিটিগুলোর অনুমোদনের ঘোষণা দেন।
সংগঠন সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম জুনেদ অতীতে সিলেট জেলা ছাত্রদলের সহ-সম্পাদক, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য যুবদলের রিজিওনাল জোন-৩ এর সহ-সভাপতি আনিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মনির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হক উপস্থিত ছিলেন।
কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় আব্দুস সালাম জুনেদ বলেন, তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় তিনি দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। প্রবাসে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন বলেও জানান তিনি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই বার্ণলি জোন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, একই অনুষ্ঠানে বার্ণলির পাশাপাশি লিডস, হাল অ্যান্ড ইস্ট রাইডিং এবং রচডেল যুবদলের জোনাল কমিটিও অনুমোদন দেওয়া হয়।









