অন্যান্য মাসের তুলনায় জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি আসার অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার। অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সোমবার (২৯ জুন) দিবাগত রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, বিভিন্ন উৎস থেকে জুন মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের হয়রানি এড়াতে প্রতিটি অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি এসেছে, তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হটলাইনেও অভিযোগ জানানো যাবে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন নম্বর ১৬৯৯৯। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ১৬১২০, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ১৬১১৭ নম্বরে অভিযোগ জানানো যাবে।
বিদ্যুৎ বিভাগ বলছে, অতিরিক্ত বিলসংক্রান্ত যেকোনো সমস্যায় দ্রুত সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।









