বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল ব্রাজিল। তবে সেই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি সেলেসাওদের। ম্যাচ চলাকালে চোট পাওয়া ডিফেন্ডার ওয়েসলি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
রোববার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, চোটের কারণে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না ওয়েসলির।
মিশরের বিপক্ষে ম্যাচ শেষে তার এমআরআই পরীক্ষা করা হলে বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়ে। চিকিৎসকদের প্রতিবেদনের ভিত্তিতে তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে।
ওয়েসলির পরিবর্তে মিডফিল্ডার এদারসনকে দলে অন্তর্ভুক্ত করেছে সিবিএফ। তিনি সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ফার্স্টএনার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৫তম মিনিটেই চোট পান ওয়েসলি। ব্যথায় কাতর হয়ে মাঠ ছাড়ার সময় তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। পরে ডাগআউটে মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বসে থাকেন তিনি। ম্যাচ শেষে স্টেডিয়াম ত্যাগের সময়ও স্পষ্টভাবে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে এই ডিফেন্ডারকে।
গত গ্রীষ্মে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো ছেড়ে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেওয়া ওয়েসলি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে নিজের জায়গা শক্ত করেছিলেন। এমনকি অভিজ্ঞ ডিফেন্ডার দানিলোর চেয়েও কোচ কার্লো আনচেলত্তির প্রথম পছন্দ হিসেবে খেলছিলেন তিনি।
ওয়েসলির গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, “সে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সবসময় নিজের সর্বোচ্চটা উজাড় করে দেয়। ইতালিতে যাওয়ার পর সে নিজের দুর্বল দিকগুলোও অনেকটা কাটিয়ে উঠেছে।”
বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ওয়েসলির ছিটকে যাওয়া ব্রাজিলের রক্ষণভাগের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।









