রাতের আঁধারে কেটে ফেলা হলো বেড়িবাঁধ, যোগাযোগ বিচ্ছিন্ন শত শত মানুষের

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর পূর্বপাড়ে অবস্থিত ইছগাঁও-ঘোষগাঁও বেড়িবাঁধ রাতের আঁধারে কেটে ফেলার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সরকারি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই পাড়ের মানুষের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাঁধটির একটি অংশ কেটে দেয়। ফলে ইছগাঁও ও ঘোষগাঁও এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

ঘোষগাঁও গ্রামের বাসিন্দা এমরান মিয়া ও ঘোষগাঁও জনতা বাজার এলাকার যতিন্দ্র দেবনাথ জানান, এই বেড়িবাঁধই তাদের এলাকার প্রধান চলাচলের পথ। প্রতিদিন শত শত মানুষ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা এ পথ ব্যবহার করে। বাঁধটি কেটে দেওয়ায় তাদের বিকল্প কোনো যাতায়াত ব্যবস্থা নেই। তাদের অভিযোগ, ইছগাঁও গ্রামের কিছু ব্যক্তি হাওর ও নদীতে নৌকায় মাছ ধরার সুবিধা নিতে সরকারি এই বাঁধ কেটে ফেলেছেন।

স্থানীয়দের দাবি, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সরকারি সম্পদ নষ্ট করে আইনবহির্ভূতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থাই ব্যাহত হয়নি, বরং সামনে বর্ষা মৌসুমকে ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছে। বাঁধটি দ্রুত সংস্কার না করা হলে নদীর পানি প্রবেশ করে আশপাশের বসতঘর ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্যোগ এড়াতে জরুরি ভিত্তিতে বাঁধটি পুনর্নির্মাণে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪