বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
ওসি কামরুল হাসান বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে গ্রেপ্তার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি দল বিমানবন্দর থানায় এসে তাঁকে নিয়ে যায়।
তিনি আরও বলেন, সালমান শাহ হত্যা মামলা-সংক্রান্ত একটি মামলা সিআইডিতে চলমান রয়েছে। বিষয়টি নিয়ে সিআইডি তদন্ত করছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু হয়। তাঁর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে তদন্তও হয়েছে।






