ফুটবলপ্রেমী বাংলাদেশিদের জন্য এসেছে দারুণ সুখবর। ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে বাংলালিংক। এর ফলে দেশের দর্শকরা প্রতিষ্ঠানটির ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
বুধবার (৩ জুন) বাংলালিংক তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ ব্যবহারকারী গ্রাহকরা টফি অ্যাপে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ দেখতে পারবেন।
দীর্ঘদিন ধরে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা ছিল, এই ঘোষণার মাধ্যমে তা অনেকটাই দূর হয়েছে। যদিও টেলিভিশনে কোন চ্যানেল বিশ্বকাপ সম্প্রচার করবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল।









