ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে : এমপি তাহসিনা রুশদীর লুনা

Facebook
Twitter
WhatsApp

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং ভবিষ্যতের কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করে গড়ে তুলতে হবে।’

​সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ মিলনায়তনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​অনুষ্ঠানে এমপি তাহসিনা রুশদীর লুনা বিগত সরকারের শিক্ষাব্যবস্থা ও নীতির সমালোচনা করে বলেন, :বিগত ১৭ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বছর শেষে অটোপাসের মাধ্যমে গণহারে শিক্ষার্থীদের উত্তীর্ণ করিয়ে দেওয়ার ফলে তারা শিক্ষার মূল প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়েছে।’

এছাড়া বক্তব্যে তিনি বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও বৈদেশিক নীতির সমালোচনা করে বলেন, ‘পার্শ্ববর্তী দেশের প্ররোচনায় দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।’

​বক্তব্যে তিনি আরও বলেন, ‘আজকের শিক্ষার্থীরা ২০ বছর পর পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে। সেই সময়ের বিশ্ব পরিস্থিতি এবং কী ধরনের দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন হবে, তা বিবেচনায় রেখেই এখন থেকে তাদের প্রস্তুত করতে হবে।’

​বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এবং প্রভাষক মো. শাহিনুজ্জামান ও প্রভাষক অঞ্জু আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী, বিশ্বনাথ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সামসুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুস শহিদ ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম এবং ​শিক্ষার্থী ও ছাত্রনেতাদের মধ্যে সাবেক ছাত্রনেতা সুজেল মিয়া, ছাত্রনেতা মেহেদী হাসান মামুন, শিক্ষার্থী কামরান আহমদ, সেবুল আহমদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, নবীন শিক্ষার্থী সুরভী আক্তার ফারজানা, মাইশা আনজুম রুহি প্রমুখ বক্তব্য রাখেন।

​এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল বাসিত, গীতা পাঠ করেন ঐশরিয়া দেব তৃষা এবং স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বনানী চক্রবর্তী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাসহ অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪