সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের আগামি নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন দুবাই প্রবাসী সমাজসেবক এম গয়াছ মিয়া। ‘তরুণ প্রজন্মের স্বপ্ন, উন্নত বিশ্বনাথ আমাদের লক্ষ্য’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি দেশে-বিদেশে অবস্থানরত বিশ্বনাথ উপজেলাবাসির সমর্থন, সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
এম গয়াছ মিয়া বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৫ নম্বার ওয়ার্ডের শাখারীকোনা গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী।
তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও মডেল বিশ্বনাথ গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি তার নির্বাচনী ৫টি মূল অঙ্গীকার ব্যক্ত করেন। সেগুলো হলো, তরুণদের সুযোগ সৃষ্টি ও নেতৃত্বের বিকাশ, উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের প্রাপ্য অধিকার নিশ্চিতকরণ, বিশ্বনাথকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুস্থ-পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা, মানসম্মত শিক্ষা বিস্তার ও তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, ধর্ম-বর্ণ নির্বিশেষে উপজেলার সকল মানুষের জন্য সমান মানবিক সেবা প্রদান।
এম গয়াছ মিয়া জানান, ‘আমাদের বিশ্বনাথ, আমাদের দায়িত্ব’-এই বিশ্বাস থেকে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান। বিশ্বনাথ উপজেলাকে একটি সমৃদ্ধ ও উন্নত উপজেলায় রূপান্তর করতে তিনি উপজেলার সকল নাগরিকের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।





