সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মৃত্যুবরণকারী বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। মৃতদের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া তিন হাজি হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মো. আবদুর রহমান এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মো. হারুন-উর রশীদ।
হজ বুলেটিন সূত্রে জানা গেছে, তারা তিনজনই সৌদি আরবের মক্কায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজ পালন করছেন।
এদিকে মঙ্গলবার আরাফাতের ময়দানে পবিত্র হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের লাখো মুসল্লির সঙ্গে বাংলাদেশি হজযাত্রীরাও এতে অংশ নিয়েছেন।









