সিলেটের বিশ্বনাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চরচন্ডী (একাংশ) গ্রামের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী শেখ মুজিবুর রহমান চৌধুরী। বুধবার (২২ এপ্রিল) রাতে চরচন্ডী গ্রামের মাসুক মিয়ার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমি বেঁচে থাকা পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করতে চাই এবং সমাজের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে খুব সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব। ধনী-গরীবের বিভেদ না করে সবাই মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবাস আলীর সভাপতিত্বে এবং সংগঠক নূরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী রব্বানী আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রোহেল উদ্দিন, সংগঠক কামাল হোসেন, আব্দুল মনাই ও জুয়েল আহমদ।
সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছালিক মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমাম উদ্দিন, সংগঠক হরুফ আলী, মমিন আলী, লেচু মিয়া, খালেদ মিয়া, মতিন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





