বিশ্বনাথে পুকুরে ডুবে প্রাণ গেল ১১ বছরের শিশুর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বাড়ির পুকুরে ডুবে ছাদিয়া আক্তার নিহা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা একটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ছাদিয়া বাওনপুর গ্রামের কনাই মিয়ার মেয়ে। সে স্থানীয় জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ছাদিয়া তার সহপাঠী ও প্রতিবেশী রমিজ মিয়ার মেয়ে নাজিফাকে সঙ্গে নিয়ে বাড়ির পুকুরে সাঁতার কাটতে যায়। প্লাস্টিকের বোতলের সাহায্যে কিছুক্ষণ সাঁতার কাটার পর একপর্যায়ে দুজনই পানির গভীরে তলিয়ে যায়।

পুকুরের পাড়ে থাকা আরেক শিশু বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তাদের পানিতে ডুবে যাওয়ার খবর দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রথমে নাজিফাকে এবং কিছুক্ষণ পর ছাদিয়াকে উদ্ধার করেন।

স্থানীয় লোকজনের চেষ্টায় নাজিফার শরীর থেকে পানি বের করার পর তার জ্ঞান ফেরে। তবে ছাদিয়ার জ্ঞান না ফেরায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল যাচ্ছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪