বিশ্বনাথ সদর ইউপির অফিস সহায়কের ওপর অতর্কিত হামলা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের অস্থায়ী অফিস সহায়ক দিলীপ বিশ্বাসের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার টুকেরকান্দি সড়কের মুখে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত দিলীপ বিশ্বাস বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দিলীপ বিশ্বাস উপজেলার ইলিমপুর গ্রামের বাসিন্দা। তাঁর ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার দয়াল উদ্দিন।

তিনি জানান, বুধবার রাতে সিলেট থেকে বাড়ি ফেরার জন্য একটি অপরিচিত সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন দিলীপ বিশ্বাস। ওই অটোরিকশায় চালকসহ আরও চারজন যাত্রী ছিলেন। পথে লালাবাজার থেকে শর্টকাট সড়ক দিয়ে যাওয়ার কথা বলে তাঁরা টুকেরকান্দি সড়কে ঢোকেন।

একপর্যায়ে টুকেরকান্দি সড়কের মুখে চালকসহ অটোরিকশায় থাকা অন্য যাত্রীরা দিলীপ বিশ্বাসের ওপর হামলা চালান। পরে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে চলে যান তাঁরা।

দিলীপের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে বিশ্বনাথের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কী কারণে দিলীপ বিশ্বাসের ওপর এ হামলা চালানো হয়েছে এবং হামলাকারীরা কারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪