সিলেট নগরীতে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক গ্রাহক পেট্রোল পাম্পের এক কর্মচারীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দেয়।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। আহত কর্মচারীর নাম মিঠু গোয়ালা। তিনি মালনিছড়া বাগান এলাকার বাসিন্দা। হামলার পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে মালনিছড়া ও লাক্কাতুড়া চা বাগান এলাকার শ্রমিকরা উত্তরা পেট্রোল পাম্পে জড়ো হন। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে স্থানীয়দের অনুরোধ এবং হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পেয়ে তারা সেখান থেকে সরে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে তিনি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে এয়ারপোর্ট থানা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।







