ঈদকে ঘিরে ব্র্যান্ড শপে মূল্য কারসাজি, সিলেটে অভিযানে জরিমানা

Ayas-ali-Advertise
ঈদকে ঘিরে ব্র্যান্ড শপে মূল্য কারসাজি, সিলেটে অভিযানে জরিমানা
ছবি: সংগৃহীত।
ঈদকে ঘিরে ব্র্যান্ড শপে মূল্য কারসাজি, সিলেটে অভিযানে জরিমানা
ছবি: সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

ঈদকে সামনে রেখে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগে সিলেট নগরীর বেশ কয়েকটি ব্র্যান্ড শপে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সাতটি প্রতিষ্ঠানকে মোট প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নগরীর কুমারপাড়া এলাকার অভিজাত পোশাক ও জুতার কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে র‍্যাব-৯ এর একটি দলও অংশ নেয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের আগে অনেক দোকান পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে রাখে। পরে ঈদের পর সেই বাড়তি মূল্যের ওপর ‘বড় ধরনের ছাড়’ দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হয়। তদন্তে দেখা যায়, কিছু ক্ষেত্রে প্রতি পণ্যে ৬০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত মুনাফা করা হচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযান চলাকালে কয়েকটি প্রতিষ্ঠানে ডাবল ট্যাগ ব্যবহার, বিভ্রান্তিকর মূল্যতালিকা প্রদর্শন এবং আমদানিকৃত পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারার মতো অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে কুমারপাড়ার বার্টন, ইজি, মিলান, হিদায়াহ ও ক্লাবহাউসসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে বিশেষভাবে আলোচনায় আসে বার্টনের কুমারপাড়া শাখা। সেখানে কিছু তৈরি পোশাকে বিদেশি ব্র্যান্ডের ট্যাগ ব্যবহার করা হলেও দোকান কর্তৃপক্ষ সেগুলোর আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ কারণে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া বলেন, অভিযানের সময় কিছু পোশাকে বিদেশি ব্র্যান্ডের ট্যাগ পাওয়া গেলেও সংশ্লিষ্ট আমদানির বৈধ নথি দেখাতে পারেনি দোকান কর্তৃপক্ষ। ফলে ভোক্তা অধিকার আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় ক্রেতাদের অভিযোগ, ঈদ এলেই নতুন কালেকশন বা উৎসবের অজুহাতে অনেক দোকান পণ্যের দাম বাড়িয়ে দেয়। পরে একই পণ্যে বড় ধরনের ছাড়ের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হয়, যা অনেক সময় বিভ্রান্তিকর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, ক্রেতাদের সঙ্গে প্রতারণা বা কৃত্রিম মূল্যবৃদ্ধি কোনোভাবেই সহ্য করা হবে না। বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে নগরীর অন্যান্য ব্র্যান্ড শপেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।

সংশ্লিষ্টদের মতে, উৎসবকে কেন্দ্র করে মূল্য কারসাজি রোধে নিয়মিত তদারকি এবং কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি ক্রেতাদেরও সচেতন থেকে পণ্য কেনার আহ্বান জানিয়েছেন তারা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪