‘রিকশা নৌকার মতো পানিতে ডুবে না’—বালাগঞ্জে মামুনুল হক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

১১দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে জয়ী হতে, হ্যাঁ-কে বিজয়ী করতে সিলেট-৩ আসনে রিকশা মার্কাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীরা বিজয় লাভ করবেন।

আল্লামা মামুনুল হক আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে বালাগঞ্জ উপজেলা সদরস্থ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট-৩ আসনে ১১দলীয় ঐক সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর রিকশা মার্কার সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, রিকশা শহরেও চলে, গ্রামেও চলে, রিকশা নৌকার মতো পানিতে ডুবে না।

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে এবং বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট রহমত আলীর পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জুল হুসাইন মিরাজী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ আলী আছগর, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মুহাম্মদ আব্দুল জলিল, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, বাংলাদেশ খেলাফত মজলিসের বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান আসাদ, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীম হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম প্রমুখ।

বক্তৃতাকালে আল্লামা মামুনুল হক আরও বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় যাওয়ার জন্য বা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ঐক্যবদ্ধ হয়নি। ঐক্যবদ্ধ হয়েছে দেশের মানুষকে তাদের ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য একটাই, আগামীতে শোষণমুক্ত, ইনসাফের বাংলাদেশ কায়েম করা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪