সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের উত্তরের মাঠে ‘মিনি ফুটবল’ খেলাকে কেন্দ্র করে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে শাহারপাড়া বাজারে বৃহত্তর শাহারপাড়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর দিবাগত রাতে নোয়াগাঁও গ্রামের উত্তরের মাঠে অনুষ্ঠিত ‘১ম মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট নোয়াগাঁও-২০২৫’-এর ম্যাচ শেষে দুই পক্ষের বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ সাইম ও সৈয়দ তাহমিদ আলী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এ ঘটনায় ১৭ নভেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতা দিন দিন বাড়ছে। খেলাধুলার মাঠ থেকে মাদকসহ নানা অপরাধ প্রবণতা দূর হওয়ার কথা থাকলেও এখন সেখানে নিরাপত্তাহীনতা চরমে। ছুরিকাঘাতে গুরুতর আহত সাইম ও তাহমিদ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলেও উল্লেখ করেন তারা। বক্তারা অভিযোগ করেন, ঘটনাটি ঘটার পর ৩–৪ দিন পার হলেও পুলিশ এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি।
তাদের দাবি, দ্রুত হামলাকারী ও সংশ্লিষ্ট কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় শিক্ষার্থী ও এলাকাবাসী আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
নূরজামাল আহমদের সভাপতিত্বে এবং সংগঠক জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন এলাকার মুরব্বী আব্দুল হক কামালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরব্বী এমরান কামালী। বক্তব্য দেন সংগঠক শাওন কামালী, নাঈম আহমদ নাকিব, ফাহাদ কামালী এবং শিক্ষার্থীদের মধ্যে ছাইম আহমদ, সৈয়দ হাসান আহমদ, শায়েক আহমদ ও শাহিনুর আহমদ প্রমুখ।
আরোও পড়ুন:: সিলেটে হাসপাতালে দাঁড়িয়ে থাকা সরকারি অ্যাম্বুলেন্সে আগুন।









