সিলেটের ওসমানীনগরে আলোচিত শিপন হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার দীর্ঘ ৬৩ পৃষ্ঠার রায়ে এ রায় ঘোষণা করেন। ঘোষিত রায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও আটজন আসামিকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ পুরকায়স্থ রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জয়নুল হক ধন মিয়া (৫০)। তিনি পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামের বাসিন্দা এবং মৃত দরস উল্লাহর ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। নিহত শিপন মিয়া একই গ্রামের আশিক মিয়ার পুত্র।
এ মামলায় আরও আটজন আসামিকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন—সাদিক মিয়া, মোস্তফা মিয়া, ফরিদ মিয়া, আলা মিয়া, সেলিম মিয়া, হেলিম মিয়া, সাজ্জাদ মিয়া ও মানিক মিয়া। তবে উচ্চ আদালতে আপিল করার শর্তে তারা জামিন লাভ করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২০ সালের ৬ মে ওসমানীনগরের ঈশাগ্রাই গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের মানিক মিয়ার গরু প্রতিবেশী ছুরাব আলীর ধানক্ষেতে প্রবেশ করে ধান খেয়ে ফেলার জেরে তর্ক-বিতর্ক শুরু হয়। এ ঘটনার জেরে মানিক মিয়া ও ধন মিয়া তাদের সহযোগীদের নিয়ে শিপনের পরিবারের ওপর হামলা চালায়। হামলার সময় ধন মিয়া দেশীয় অস্ত্র ছুলফি দিয়ে শিপন মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরবর্তীতে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন নিহত শিপনের বড় ভাই রিপন মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ছিল ৪৩/২০২০ ইং। এতে মোট ২৭ জনকে আসামি করা হয়। তদন্তভার পান থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) স্বাধীন চন্দ্র তালুকদার। তদন্ত শেষে তিনি আরও একজনকে অভিযুক্ত তালিকায় যুক্ত করেন। পরবর্তীতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয় (মামলা নম্বর–৬১২/২২ ইং)।
চূড়ান্ত রায়ে আদালত মোট ২৮ আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন, আটজনকে ছয় মাসের কারাদণ্ড এবং বাকি ১৯ জনকে খালাস প্রদান করেন।
এদিকে, রায় ঘোষণার পর নিহত শিপনের পরিবার হতাশা প্রকাশ করেছে। মামলার বাদী ও নিহত শিপনের বড় ভাই রিপন মিয়া বলেন, “আমরা ভেবেছিলাম আমার ভাইয়ের হত্যাকারী ধন মিয়ার মৃত্যুদণ্ড হবে। কিন্তু আদালত তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন, যা আমাদের প্রত্যাশার সঙ্গে মেলে না।”
আরোও পড়ুন:: সিলেটে ‘নানীর বাড়ি’ থেকে ১০ জুয়াড়ি গ্রেফতার।







