হাঁস মারা যাওয়ার জেরে সিলেটে চাচাতো ভাইয়ের হামলা, প্রাণ গেল ১ জনের

Ayas-ali-Advertise
হাঁস মারা যাওয়ার জেরে সিলেটে চাচাতো ভাইয়ের হামলা, প্রাণ গেল ১ জনের
ছবি সংগৃহীত।
হাঁস মারা যাওয়ার জেরে সিলেটে চাচাতো ভাইয়ের হামলা, প্রাণ গেল ১ জনের
ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় তিন ভাই রক্তাক্ত জখম হয়েছেন। তাদের মধ্যে এক ভাই নিহত হয়েছেন এবং বাকি দুইজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হামলাকারী যুবক ও তার বাবাকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কানাইঘাট উপজেলার ৩নং দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহপুর গ্রামে। নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান। তিনি শাহপুর গ্রামেরই বাসিন্দা। হামলার পর গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ তার চাচা রকিব আলী এবং চাচাতো ভাই ইমরানকে আটক করে।

স্থানীয় সূত্র জানায়, সাইদুর রহমান ও তার ভাইদের প্রায় ২০ থেকে ২৫টি হাঁস ছিল। কয়েকদিন আগে ইমরান নিজের ধানক্ষেতে ফসল রক্ষার্থে কীটনাশক প্রয়োগ করেন। পরবর্তীতে হাঁসগুলো সেই জমিতে প্রবেশ করলে প্রায় ১০ থেকে ১৫টি হাঁস বিষক্রিয়ায় মারা যায়। এ ঘটনার পর দুই পরিবারের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়।

এরই জের ধরে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ইমরান ধারালো অস্ত্র নিয়ে সাইদুর রহমান ও তার দুই ভাই ফরিদুর রহমান এবং আব্দুর রহমানের ওপর হামলা চালান। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান মারা যান। বর্তমানে আহত ফরিদুর রহমান ও আব্দুর রহমান একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হামলাকারী ইমরানের মা-ও মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪