সিলেটের সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করার উদ্দেশ্যে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রবিবার (২০ জুলাই) সিলেট-ঢাকা মহাসড়কে একটি বড় ধরনের অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে সিলেটে অবৈধ অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা এবং পুরনো, ফিটনেসবিহীন মিনিবাসের চলাচলের অভিযোগ ছিল। এ অভিযানে বিআরটিএ রেজিস্ট্রেশন, ফিটনেস এবং লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, রবিবার (২০ জুলাই) দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, সিলেটে আনুমানিক আড়াই হাজার পুরনো বাস ও ট্রাক রয়েছে, যেগুলোর অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। পাশাপাশি, সড়কে প্রায় ৫০ হাজার রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চলাচল করছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিআরটিএ এধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আব্দুর রশিদ বলেন, “সিলেটের সড়ক-মহাসড়কে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং পুলিশ আমাদের সহায়তা করছে।”
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, “হরতালের কারণে সাময়িকভাবে অভিযান বন্ধ ছিল, তবে শীঘ্রই অভিযান আবার শুরু হবে। বিআরটিএ অভিযান পরিচালনা করবে এবং পুলিশ সহযোগিতা দেবে।”
এর আগে ১৭ জুলাই, সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সভায় পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম (সেবা) বলেন, “২০ জুলাই থেকে সিলেটে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ মালবাহী যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে।” এই অভিযানটি শহর এবং মহাসড়কগুলোতে একযোগে চলবে।
সভায় জানানো হয়, সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের মেয়াদ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের মেয়াদ ২৫ বছর। এর বেশি সময় চলাচলকারী কোনো যানবাহন অবৈধ হিসেবে গণ্য হবে। এছাড়া, রংচটা, বায়ু দূষণকারী এবং অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা তৈরির কাজও চলবে। তবে নির্ধারিত সময়ের পর কেউ অবৈধ যানবাহন নিয়ে সড়কে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:: সিলেটে চলবে না মেয়াদোত্তীর্ণ যানবাহন, অভিযান শুরু রোববার।







