বিদেশে বসে আদালতে সাক্ষ্য প্রদান করতে পারবেন -প্রধান বিচারপতি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC_0420-300x173নিজস্ব প্রতিবেদক, সিলেট: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আগামী মাস তথা ডিসেম্বর থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষ্য প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। এতে করে বিদেশে অবস্থানরত যে কেউ আদালতে সাক্ষ্য দিতে পারবেন। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, দেশে ৩১ লাখেরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মামলা জট কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ডিজিটাল পদ্ধতিতে মামলার বাদী, বিবাদী ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে।

প্রধান বিচারপতি আরো বলেন, আদালতের পুরো কার্যক্রম সার্ভারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। মামলা সংশ্লিষ্টরা তাদের প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবেন।

বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচার বিশ্বে প্রশংসিত হচ্ছে মন্তব্য করে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, বিদেশের সাহায্য না নিয়েই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। দেশের কিছু মানুষ এ বিচারের সমালোচনা করলেও বিদেশে এ বিচার প্রক্রিয়া প্রশংসিত হচ্ছে।

রাশিয়ার এক বিচারকের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই বিচারক আমাদের বিচার কার্যক্রম দেখতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সমিউল আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সিলেট জেলা ও দায়ারা জজ মনির আহমদ পাটওয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, অ্যাডভোকেট কায়মূল হক চৌধুরী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪